আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি। এরপর ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে পর্যায়ক্রমে বাকি ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণসংক্রান্ত সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান।
ইসি সানাউল্লাহ বলেন, প্রায় চার হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৭ মে’র মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
বৈঠকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এবং বিস্তারিত নির্ধারণে একটি কমিটির মাধ্যমে কাজ করা হবে।
তিনি আরও জানান, অভ্যন্তরীণ ক্ষমতা পুনর্বণ্টনের বিষয়ে কিছু সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।