বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন। একই সঙ্গে দেশে এআইভিত্তিক ডেটা সেন্টার চালু এবং দ্বিতীয় একটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে প্রতিষ্ঠানটি।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসায়ুকি ওমোটোর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ সময় তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনিকে স্বাগত জানান।
বাংলাদেশের সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি নতুন খাতে অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। জবাবে মারুবেনির প্রতিনিধিরা বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা জানান।
বৈঠকে তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনশক্তি তৈরির বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে প্রকৌশলে স্নাতকদের এসব খাতে দক্ষ করে তোলার মাধ্যমে আন্তর্জাতিক সেবাবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার সম্ভাবনা তুলে ধরা হয়।
আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এ উদ্যোগে মারুবেনি করপোরেশন গভীর আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি কৃষিতে আধুনিক প্রযুক্তি ও এআইয়ের ব্যবহার বাড়াতে বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় আসে।
চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণ এবং দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা। এ ক্ষেত্রেও মারুবেনির পক্ষ থেকে ইতিবাচক আগ্রহের কথা জানানো হয়।
বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান।
মারুবেনি করপোরেশনের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের সিইও সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশের কান্ট্রি হেড মানাবু সুগাওয়াড়া।