ঘুষ গ্রহণকে প্রকাশ্যে স্বাভাবিক ও যৌক্তিক হিসেবে তুলে ধরে এক পুলিশ কর্মকর্তার দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাতে পুলিশ প্রশাসন তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করে। স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস হোসাইন। সেখানে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। এ সময় ঘুষ নেওয়ার বিষয়ে তার করা মন্তব্যের ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে এএসআই ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে! কথা বুঝছো না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইবো নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এএসআই ইলিয়াস হোসাইনকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
তবে তার বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
#HabiganjNews #PoliceNews #Bribery #BangladeshPolice #CrimeNews