ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে দেখা করেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।
শনিবার (৩ অক্টোবর) আহত পাইলটকে দেখতে যান শেখ হামদান। এ সময় তিনি মাচ্ছারের সাহস, দায়িত্ববোধ এবং মানুষের জীবন রক্ষায় তার অঙ্গীকারের প্রশংসা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেখ হামদান মাচ্ছারের সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করেন। একটি ছবিতে তাকে মাচ্ছারের কপালে চুমু দিতে দেখা যায়।
পোস্টের ক্যাপশনে শেখ হামদান লিখেছেন, মাচ্ছার সাহস, দায়িত্ববোধ এবং মানবজীবনের প্রতি যত্নের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছেন। সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের পক্ষ থেকে তার প্রতি পূর্ণ কৃতজ্ঞতা ও প্রশংসা রয়েছে।
তিনি আরও বলেন, মাচ্ছার তাদের দলের এবং দেশের গল্পের একজন অংশীদার। একই সঙ্গে সহমর্মিতা, শান্তি ও জীবনের প্রতি শ্রদ্ধার যে মূল্যবোধ সংযুক্ত আরব আমিরাত ধারণ করে, তিনি তারও প্রতিনিধিত্ব করছেন।
এর আগে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ঘটে যাওয়া নিরাপত্তা-সংক্রান্ত ঘটনায় পাইলট, কেবিন ক্রু ও যাত্রীদের ভূমিকার প্রশংসা করে সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি।
ঘটনার সময় আহত ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তিনি ভালো আছেন।
গত বুধবার দুবাই থেকে তেল আবিবগামী একটি ফ্লাইদুবাই ফ্লাইটে ককপিটে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাইলট মাচ্ছার আহত হন। পরে তিনি ককপিটের দরজা খুলতে সক্ষম হলে যাত্রী ও ক্রুরা ভেতরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।
পরবর্তীতে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ঘটনাটির কারণ জানতে তদন্ত চলছে।