বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করতে শিক্ষা ও গবেষণাকে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বুধবার (২৬ আগস্ট) চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধি ও বাংলাদেশের শিক্ষা বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত ‘চীন-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মাহদী আমিন বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে আরও টেকসই ও কার্যকর পর্যায়ে নিতে শিক্ষা, গবেষণা ও জ্ঞান বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, শিক্ষা খাতে সহযোগিতা বাড়লে দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া আরও শক্তিশালী হবে। পাশাপাশি উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে যৌথ উদ্যোগ উভয় দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
মাহদী আমিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে ভিত্তি তৈরি হয়েছিল, পরবর্তী সময়ে তা আরও বিস্তৃত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পায় বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমান গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানও চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও শিক্ষা সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
তিনি আশা প্রকাশ করেন, শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নতুন সুযোগ তৈরি করবে।