যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০)। ইটের আঘাতে তাঁর মাথা ফেটে গেলে তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে মাথায় চারটি সেলাই দেওয়ার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সমু চৌধুরীর অভিযোগ, বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন গ্যারেজ মালিক হৃদয়। তাঁর দাবি, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তবে জাহাঙ্গীর তাঁকে ফোন করে জানিয়েছে, সমু চৌধুরী তাঁর মা-বোনকে নিয়ে গালিগালাজ করায় তিনি হামলা করেছেন।
এদিকে, অভিনেতার ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।