অসুস্থ মোস্তফা মনোয়ারের পাশে সংস্কৃতি মন্ত্রণালয়
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য চিত্রশিল্পী ও পুতুলনাট্য গবেষক মোস্তফা মনোয়ারের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সোমবার (২২ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে গিয়ে প্রবীণ এই শিল্পীর শয্যাপাশে কিছু সময় কাটান তারা। এ সময় তার চলমান চিকিৎসার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোস্তফা মনোয়ারের চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তার একটি চেক পরিবারের সদস্যদের হাতে তুলে দেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে অবদান রাখা গুণীজনদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বরেণ্য এই শিল্পীর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করা হয়েছে। দেশের চিত্রকলা ও পুতুলনাট্য চর্চায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসা মোস্তফা মনোয়ার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।