ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ঋতুপর্ণা চাকমার হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি। বাজেট অধিবেশনের ব্যস্ততার মধ্যেও দেশের ক্রীড়াঙ্গনের এই সফল ফুটবলারের প্রতি সম্মান ও সহযোগিতার অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
পাহাড়ি অঞ্চলের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা ঋতুপর্ণা চাকমা বর্তমানে বাংলাদেশের নারী ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য মুখ। ২০২২ ও ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। পাশাপাশি ২০২৫ সালে প্রথমবারের মতো এএফসি উইমেনস এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের যোগ্যতা অর্জনের পথেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
এর আগে ঋতুপর্ণা চাকমার পরিবার কঠিন সময় পার করার সময়ও পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসাকালে প্রয়োজনীয় সহযোগিতা ও খোঁজখবর নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। ২০২৫ সালে তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটিতে ঋতুপর্ণার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
ক্রীড়াঙ্গনের সফল ও সম্ভাবনাময় খেলোয়াড়দের প্রতি সরকারের এই ধরনের সহায়তা ভবিষ্যতে নারী ফুটবলের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।