বাংলাদেশ ও সৌদি আরবের সামরিক ও নৌ সহযোগিতা আরও জোরদারের লক্ষ্য নিয়ে সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। সফরে দেশটির শীর্ষ সামরিক ও নৌ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী প্রধানের সৌদি আরব সফরের বিষয়টি জানিয়েছে।
আইএসপিআর জানায়, সৌদি আরব সফরে নৌবাহিনী প্রধান দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এসব বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হবে। বিশেষ করে নৌবাহিনীর মধ্যে পেশাগত যোগাযোগ, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাব্য ক্ষেত্রগুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে জানিয়েছে আইএসপিআর।
সফরকালে এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সৌদি আরবের বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনাও পরিদর্শন করবেন। পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর পেশাগত কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
আইএসপিআরের ভাষ্য, নৌবাহিনী প্রধানের এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হওয়ার পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।