‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ
ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) প্রধানের বাংলাদেশ সফরকে ঘিরে জল্পনার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘র’-এর প্রধান চীন থেকে ঢাকায় এসেছেন। এটি তাঁর একটি সফর মাত্র। এ নিয়ে বিশেষ কোনো জল্পনার প্রয়োজন নেই। সফর শেষে সরকার এ বিষয়ে কোনো বিবৃতি দিতে পারে বলেও জানান তিনি।
এসএসসিতে ফল কমার কারণ
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যা কমে যাওয়ার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, অতীতে শিক্ষার্থীদের যেনতেনভাবে নম্বর দেওয়া এবং পাস করিয়ে দেওয়ার প্রবণতা ছিল। বর্তমান সরকার শুরু থেকেই শিক্ষার মানের বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার পরীক্ষার ফলাফলেও এর প্রতিফলন দেখা গেছে বলে তিনি মন্তব্য করেন।
জ্বালানি তেল সরবরাহে নতুন নীতিমালা
দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ডা. জাহেদ। তিনি বলেন, বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নিয়ে ‘নীতিমালা-২০২৬’-এর খসড়া তৈরির কাজ চলছে। এর উদ্দেশ্য হলো দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং সরবরাহব্যবস্থা সচল রাখা।
একই সঙ্গে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তুলে জরুরি বা সংকটকালীন সময়ে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতা কাজে লাগানো হবে। প্রস্তাবিত নীতিমালায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ থাকবে না বলেও জানান তিনি।
১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর ভাষণ
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলেও জানান ডা. জাহেদ। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ১৮০ দিন পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় রদবদল হতে পারে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এ ধরনের কোনো ইঙ্গিত দেয়নি। তবে প্রধানমন্ত্রী যেকোনো সময় মন্ত্রী ও মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়ন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন।
শেখ হাসিনার সংবাদ সম্মেলন প্রসঙ্গে
ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনার জন্য অনুকূল পরিবেশ ভারতকেই তৈরি করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের কথা ছিল। বাংলাদেশ একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নিতে চায়। কিন্তু সেটি এখনো হয়নি। এর মধ্যে ভারতে বসে তিনি সংবাদ সম্মেলন করেছেন। বিষয়গুলো ভারতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এবং এ বিষয়ে বাংলাদেশ শক্ত অবস্থান জানিয়েছে।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া সরকার গঠনের পর ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রধানমন্ত্রীর ভারত সফর যেকোনো সময় হতে পারে বলে জানান তিনি।
সাকিব আল হাসান প্রসঙ্গে মন্তব্য
সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়েও মন্তব্য করেন ডা. জাহেদ উর রহমান। শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিদের বিষয়ে তিনি কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, সাকিব আল হাসান একজন ভালো ক্রিকেটার হতে পারেন। তবে শেখ হাসিনার সঙ্গে যারা রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিলেন এবং এখনো রয়েছেন, তাদের বিষয়ে তাঁর অবস্থান কঠোর।
ডা. জাহেদ আরও বলেন, সাকিব আল হাসান কিংবা শেখ হাসিনা-যে-ই দেশে আসুন না কেন, তাঁরা আইনি প্রক্রিয়ার মুখোমুখি হলে নাগরিক ও সাংবিধানিক অধিকার পাবেন। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিচারিক প্রক্রিয়ায় তাদের অধিকারও বজায় থাকবে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই সবাইকে মেনে নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি যত বড়ই হোন না কেন, তাঁর আইনগত ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে।