প্রয়াত কিংবদন্তি অভিনেতা ও মহানায়ক বুলবুল আহমেদের দীর্ঘ শিল্পীজীবনের অর্জনগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে তার পরিবার। এর অংশ হিসেবে বিভিন্ন সময়ে পাওয়া পুরস্কার ও সম্মাননা বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ ও মেয়ে তিলোত্তমা তার শিল্পীজীবনের বিভিন্ন পুরস্কার ও সম্মাননা বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবালের কাছে তুলে দেন। আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বুলবুল আহমেদের জন্মদিন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে বুলবুল আহমেদের অবদানের স্মারক হিসেবে এসব পুরস্কার-সম্মাননা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ব্যক্তিগত সংগ্রহে সীমাবদ্ধ না রেখে জাতীয় চলচ্চিত্র ঐতিহ্যের অংশ হিসেবে এগুলো সংরক্ষণ করতে চায় পরিবার।
প্রতি বছর ৪ সেপ্টেম্বর বুলবুল আহমেদের জন্মদিন উপলক্ষে পরিবার, সহকর্মী ও ভক্তদের নানা আয়োজন থাকে। তবে এবার আলাদা কোনো অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। এর পরিবর্তে তার শিল্পীজীবনের গুরুত্বপূর্ণ স্মারকগুলো ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবারের আশা, বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এসব স্মারক সংরক্ষিত থাকলে চলচ্চিত্রপ্রেমীরা ভবিষ্যতে সেগুলো দেখার সুযোগ পাবেন। একই সঙ্গে কিংবদন্তি এই শিল্পীর কর্মজীবন ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুলবুল আহমেদ ছিলেন শুধু জনপ্রিয় অভিনেতা নন, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। তার অভিনয়, শিল্পীসত্তা ও দীর্ঘ কর্মজীবনের স্মারকগুলো জাতীয়ভাবে সংরক্ষিত হওয়ায় তার সৃষ্টিশীলতার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের একটি স্থায়ী সংযোগ তৈরি হবে।