বিশ্বকাপে না খেললেও ফিফার তহবিল পাচ্ছে বাংলাদেশ, কত অর্থ পায় বাফুফে?
ফিফা বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আসর হলেও এর আর্থিক সুবিধা শুধু অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিশ্বকাপ থেকে অর্জিত আয়ের একটি অংশ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে ব্যয় করে থাকে। সেই সুবিধাভোগী দেশগুলোর অন্যতম বাংলাদেশও।
ফিফা একটি অলাভজনক ক্রীড়া সংস্থা হিসেবে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ, বিপণন ও টিকিট বিক্রি থেকে প্রাপ্ত বিপুল অর্থের একটি অংশ বিশ্বব্যাপী ফুটবলের বিকাশে বিনিয়োগ করে। এর আওতায় সংস্থাটির ২১১টি সদস্য দেশের জাতীয় ফুটবল ফেডারেশন উন্নয়ন তহবিল পেয়ে থাকে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফার পূর্ণাঙ্গ সদস্য হওয়ায় নিয়ম অনুযায়ী এ তহবিল পাওয়ার অধিকার রাখে। ফিফার ‘ফিফা ফরওয়ার্ড’ (FIFA Forward 3.0) কর্মসূচির মাধ্যমে ২০২৩-২০২৬ বিশ্বকাপ চক্রে প্রতিটি সদস্য ফেডারেশনের জন্য সর্বোচ্চ ৮ মিলিয়ন মার্কিন ডলার উন্নয়ন তহবিল বরাদ্দ রাখা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯৫ কোটি টাকারও বেশি।
এই অর্থের একটি অংশ ফেডারেশনের প্রশাসনিক ও পরিচালন ব্যয় মেটাতে ব্যবহার করা হয়। ফিফার নীতিমালা অনুযায়ী, প্রতি বছর প্রায় ১ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার পরিচালন খাতে বরাদ্দ দেওয়া হয়। অন্যদিকে অবশিষ্ট অর্থ দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা যায়। উন্নয়ন প্রকল্পের আওতায় ফুটবল অবকাঠামো নির্মাণ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, যুব ফুটবলার তৈরির উদ্যোগ, নারী ফুটবলের প্রসার এবং তৃণমূল পর্যায়ে খেলাটির উন্নয়নে অর্থ ব্যয় করা হয়।
তবে এই অর্থ সরাসরি বা এককালীনভাবে দেওয়া হয় না। নির্দিষ্ট প্রকল্প পরিকল্পনা, বাজেট ও বাস্তবায়ন কৌশল ফিফার কাছে জমা দিতে হয়। প্রকল্প অনুমোদনের পর ধাপে ধাপে অর্থ ছাড় করা হয় এবং পুরো প্রক্রিয়া কঠোর আর্থিক তদারকির আওতায় পরিচালিত হয়। ফিফা নির্ধারিত শর্ত পূরণের পাশাপাশি প্রতি বছর আন্তর্জাতিক মানের স্বাধীন অডিটের মাধ্যমে তহবিল ব্যবহারের হিসাব যাচাই করা হয়। ফলে অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়।
বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ এখনো জায়গা করে নিতে না পারলেও, ফিফার সদস্য দেশ হিসেবে বৈশ্বিক ফুটবল উন্নয়ন কর্মসূচির অংশ হয়ে নিয়মিত উন্নয়ন তহবিল পাওয়ার সুযোগ পাচ্ছে। দেশের ফুটবলের অবকাঠামো ও ভবিষ্যৎ উন্নয়নে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।