‘পুরুষ নির্যাতন দমন আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান। এর আগে তিনি হাইকোর্টে রিট দায়ের করে ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি পৃথক আইন প্রণয়নের নির্দেশনা চেয়েছিলেন। রিট আবেদনে বলা হয়, এ ধরনের আইন প্রণয়ন করা হলে আইনের সমতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে এবং বিদ্যমান ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ ও ‘যৌতুক আইন’-এর সম্ভাব্য অপব্যবহারের মাধ্যমে পুরুষদের হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
এতে আরও উল্লেখ করা হয়, পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষা দিতে পৃথক আইন প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না-এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমে নতুন আইন প্রণয়নের নির্দেশনা দেওয়ারও আবেদন করা হয়েছিল।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়। তবে শুনানি শেষে হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে দেন।