মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ওই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ বীজ, কীটনাশক ও বিভিন্ন ড্যামেজ পণ্যও পাওয়া যায়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নাকোল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার, কীটনাশক, বীজ, মুদি পণ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়।
অভিযানকালে নাকোল পুরাতন বাজারের মেসার্স মা ট্রেডার্স নামের বিএডিসি সার ও বীজ ডিলার প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকা দামের এক বস্তা ডিএপি সার সেখানে ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করা হচ্ছিল। অর্থাৎ প্রতি বস্তায় ৪০০ টাকা বেশি নেওয়া হচ্ছিল।
এ ছাড়া অতিরিক্ত দামে সার বিক্রির পরও ক্রেতাকে কোনো ভাউচার দেওয়া হচ্ছিল না এবং বিক্রয় রেজিস্টারেও লেনদেনের তথ্য সংরক্ষণ করা হয়নি বলে অভিযানে উঠে আসে।
অভিযানে প্রতিষ্ঠানটিতে উল্লেখযোগ্য পরিমাণ মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়া যায়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন পণ্যের প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রির অভিযোগেরও প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আগে সতর্ক করা হয়েছিল বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সতর্ক করার পরও একই ধরনের অনিয়ম পুনরায় করায় প্রতিষ্ঠানটির মালিক লিটন কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ব্যবসায়ীদের আইন মেনে সরকার নির্ধারিত ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।