এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি, কমেছে পাসের হার
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে এবার মোট ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিপরীতে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।
প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন উত্তীর্ণ হলেও অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এবারের ফলাফলে পাসের হার কমে যাওয়ায় বিপুলসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। বিভিন্ন শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে বিস্তারিত চিত্র আরও স্পষ্ট হবে।