একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৭১
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে রোগটিতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৫৯-এ অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে বিভাগটিতে ২৪০ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, বরিশালে ৫৩ জন, খুলনায় ৫০ জন, রাজশাহীতে ২৬ জন, ময়মনসিংহে ২৩ জন, রংপুরে ১২ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ২৬ জন। এছাড়া খুলনা বিভাগে ১২ জন, বরিশালে ৭ জন, ময়মনসিংহে ৬ জন, চট্টগ্রামে ৫ জন এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে মোট ১৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন এবং জুনে ১৩ জন মারা যান। মার্চ ও এপ্রিল মাসে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
অন্যদিকে, শুধু জুলাই মাসেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৬ জন। অর্থাৎ, বছরের প্রথম ছয় মাসের তুলনায় এককভাবে জুলাই মাসেই মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়েছে, যা পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।