জুলাই শহিদদের আত্মত্যাগ জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ এবং আহতদের ত্যাগ-তিতিক্ষা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, শহিদ পরিবারের কল্যাণ নিশ্চিত করা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।
বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক ও মানবিক দায়িত্ব। একই সঙ্গে আন্দোলনে আহত হয়ে যারা দৃষ্টিশক্তি বা অঙ্গ হারিয়েছেন, তাদের যথাযথ চিকিৎসা, পুনর্বাসন এবং সম্মানজনক জীবন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বক্তব্যে তিনি আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, ফারহান, নাফিজ, সজল, রাব্বি, মেরাজ, এলেম, তাইম, নাইমা, রিয়া গোপ, আহাদসহ অন্যান্য শহিদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত আহত যোদ্ধাদের প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা যেন সম্মান ও অধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের সামনে রাষ্ট্র পুনর্গঠনের একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ কাজে লাগিয়ে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জাতীয় স্বার্থে বিভেদ পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, দেশপ্রেম, সততা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করার আহ্বান জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে জাতীয় ঐক্য বজায় রাখা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।