হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণের অনুরোধ বাংলাদেশের
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানিয়েছে ঢাকা। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদেরও বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে বিষয়টি তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সেখানে তিনি জানান, বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশে ফেরানোর বিষয়ে ভারতের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি প্রত্যর্পণসংক্রান্ত বিষয়ও আলোচনায় গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে আগের অনুরোধের পাশাপাশি ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রত্যর্পণের বিষয়টিও তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।