দীর্ঘ প্রতীক্ষার পর কি বিয়ের পিঁড়িতে রোনালদো?
পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে ঘিরে আবারও বিয়ের আলোচনা তুঙ্গে। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, আগামী সপ্তাহে পর্তুগালের মাদেইরা দ্বীপে তাদের বিয়ের আয়োজন হতে পারে। তবে এ বিষয়ে এখনো রোনালদো কিংবা জর্জিনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হতে পারে মাদেইরার রাজধানী ফুঞ্চালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। এরপর অতিথিদের জন্য সংবর্ধনা ও ভোজের আয়োজন রাখা হতে পারে শহরের বিলাসবহুল পাঁচতারকা সাভয় প্যালেস হোটেলে। এ উপলক্ষে হোটেলের কিছু অংশ সাময়িকভাবে সংরক্ষণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে শোনা গিয়েছিল, পর্তুগালের ঐতিহাসিক কুইনতা দা রেগালেইরা এস্টেটে বিয়ের অনুষ্ঠান হবে। তবে পরে সেই তথ্যের সত্যতা মেলেনি এবং নতুন করে ফুঞ্চালের নাম সামনে আসে।
বিশ্ব ফুটবলের অন্যতম ধনী খেলোয়াড়দের একজন রোনালদো চাইলে বিশ্বের যেকোনো বিলাসবহুল স্থানে বিয়ের আয়োজন করতে পারতেন। তবু জন্মস্থান মাদেইরাকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বেছে নেওয়ার খবরকে অনেকেই তার শিকড়ের প্রতি আবেগ ও ভালোবাসার প্রতিফলন হিসেবে দেখছেন।
মাদেইরার ফুঞ্চালেই শৈশব কেটেছে রোনালদোর। সীমিত সামর্থ্যের একটি পরিবারে বেড়ে ওঠা এই ফুটবল তারকা মাত্র ১১ বছর বয়সে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে লিসবনে পাড়ি জমান। সেখান থেকেই শুরু হয় বিশ্ব ফুটবলের অন্যতম সফল ক্যারিয়ারের পথচলা। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে একসঙ্গে রয়েছেন রোনালদো ও জর্জিনা। দীর্ঘ সম্পর্কের পর তাদের বিয়ে নিয়ে একাধিকবার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি।