স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (২২ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানায় বাজুস। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকায়। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এই দর কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময় ও ক্রয়ের ক্ষেত্রে বাজুসের প্রচলিত নিয়মই বহাল থাকবে।
এর আগে সর্বশেষ গত ২০ আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা করা হয়।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১০৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৪ দফায় দাম বাড়ানো হয়েছে, ৫১ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
রুপার দামও বাড়ল
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। প্রতি ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৬৩ দফা সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৩ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৩০ দফায় কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ১০ বার দাম বাড়ানো এবং তিনবার কমানো হয়েছিল।