দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ,ভরিতে বেড়েছে ৯,৮৫৬ টাকা
দেশের বাজারে আবারও উল্লেখযোগ্য হারে বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতির প্রভাবে প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন মূল্যহার অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। আগের দামের তুলনায় প্রতি ভরিতে বেড়েছে ৯ হাজার ৮৫৬ টাকা। নতুন এই মূল্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
বাজুসের ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম রাখা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
সংগঠনটি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারিগরি কাজের ভিত্তিতে অতিরিক্ত মজুরি প্রযোজ্য হবে। এছাড়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রেও আগের নীতিমালা বহাল থাকবে।
এর আগে গত ৩১ জুলাই সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৯৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৮ বার দাম বৃদ্ধি, ৪৯ বার হ্রাস এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম রাখা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৬১ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বৃদ্ধি এবং ৩০ বার হ্রাস করা হয়েছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং তিনবার কমেছিল।