ঝালকাঠির তারুলী সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পাঁচ দিন ধরে পাথর, বিটুমিন ও নির্মাণসামগ্রী রাখার অভিযোগ উঠেছে। এতে খেলতে গিয়ে কয়েকজন আহত হওয়ার কথাও জানিয়েছেন স্থানীয়রা। ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তারুলী সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সড়ক নির্মাণের সামগ্রী রাখায় শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গত পাঁচ দিন ধরে মাঠে পাথর, বিটুমিন, পিচ ঢালাইয়ের ড্রাম ও মিক্সচার মেশিন রাখা হয়েছে। এতে খেলাধুলার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি মাঠে খেলতে গিয়ে কয়েকজনের পায়ে পাথর ঢুকে আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয়দের কাছে পরিচিত এই মাঠে প্রতিদিন প্রায় অর্ধশত খেলোয়াড় বিভিন্ন ধরনের খেলাধুলা করেন। জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল ইসলাম ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও একসময় এই মাঠে খেলেছেন।
স্থানীয় ক্রিকেটার মেহেদী হাসান ও ফুটবলার আজিজুল রহমান বলেন, মাঠে নির্মাণসামগ্রী রাখায় তাঁদের খেলাধুলা করতে সমস্যা হচ্ছে। এ কারণে কয়েকজন আহতও হয়েছেন। মাঠটি খেলাধুলার উপযোগী রাখতে দ্রুত সমস্যার সমাধান চান তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠির পুলিশ বক্স থেকে সারেঙ্গল বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক নির্মাণে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঝালকাঠি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির গাজী হাকিম এন্টারপ্রাইজের মাধ্যমে কাজটি করছেন। সড়ক নির্মাণের সামগ্রী বিদ্যালয়ের মাঠে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ঠিকাদার জাকির গাজী বলেন, সড়কের আশপাশে অন্য কোথাও খালি জায়গা না থাকায় বাধ্য হয়ে বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। তবে খেলোয়াড়দের যাতে সমস্যা না হয়, সে জন্য সামগ্রীগুলো নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী রাখার কারণে শিক্ষার্থীদের খেলাধুলায় যে সমস্যা তৈরি হয়েছে, তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
অরণ্য নিউজ: ১২.১০.২৬