খুলনার রূপসায় এক পরিবারের ওপর যেন নেমে এসেছে একের পর এক হত্যার ছায়া। মাত্র দেড় মাস আগে দুর্বৃত্তদের হাতে প্রাণ হারিয়েছিলেন আক্তার ঢালীর ছেলে জয় ঢালী। এবার সেই হত্যার মামলার বাদী বাবা আক্তার ঢালীকেও (৫২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের শহিদের মোড় এলাকার ঢালী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘটনার সময় আক্তার ঢালী বাড়ির সামনে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। একটি গুলি তার ডান কাঁধে বিদ্ধ হয়।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত ১৫ আগস্ট দুর্জনীমহল গ্রামে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় জয় ঢালীর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছিল। ছেলে হত্যার ঘটনায় করা মামলার বাদী ছিলেন আক্তার ঢালী। দেড় মাসের ব্যবধানে তিনিই দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ছেলে হত্যার মামলার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। পাশাপাশি পূর্বশত্রুতার বিষয়টিও সামনে এসেছে। ইতিপূর্বে আক্তার ঢালী নিরাপত্তা চেয়ে রূপসা থানায় একটি জিডি এন্ট্রি করেন।
পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে এখনো স্পষ্ট কোনো ক্লু পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
#KhulnaNews #Rupsha #CrimeNews #BangladeshNews #MurderCase