পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বিজিবির বাধার মুখে শেষ পর্যন্ত তাদের ভারতে ফিরে যেতে হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ওই সাতজন ভারতের অভ্যন্তরে ফিরে যান। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় সাতজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় সেখানে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে তারা সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থান নেন।
দিনভর তারা সীমান্ত এলাকায় অবস্থান করলেও বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেননি। পরে রাতে বিজিবির কঠোর অবস্থানের কারণে একই সীমান্ত দিয়ে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে চোরাচালান, অবৈধ পারাপার, পুশইনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।
অরণ্য- ০৭/১০/২৬