ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের জমা রাখা অর্থ উত্তোলনের সুযোগ দিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী তাঁদের আমানতের টাকা উত্তোলন করতে পারবেন।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংক পিএলসির শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক উপস্থিত ছিলেন।
বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জানান, বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন ফিরিয়ে আনার উদ্যোগ সফল হয়েছে। একই সঙ্গে ব্যাংকের কার্যক্রমে গতি ও দক্ষতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।
গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, ন্যাশনাল ব্যাংকের বর্তমান তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকিং খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে ন্যাশনাল ব্যাংকের সব গ্রাহক যাতে সুশৃঙ্খলভাবে নিজেদের প্রয়োজন অনুযায়ী আমানতের অর্থ ফেরত পেতে পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে আমানতের অর্থ উত্তোলন নিয়ে অনিশ্চয়তায় থাকা ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
অরণ্য নিউজ: ১২.১০.২৬