বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি
বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা মিশন যত এগোচ্ছে, ততই নতুন আলোচনার জন্ম দিচ্ছেন অধিনায়ক লিওনেল মেসি। মাঠে বিশ্বকাপ জয়ের লড়াইয়ের পাশাপাশি সম্ভাব্য ফাইনালের পর তাকে ক্লাব ফুটবলেও কঠিন একটি সিদ্ধান্ত নিতে হতে পারে।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা উঠলে ম্যাচ শেষে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন হবে মেসির। কিন্তু ফাইনালের মাত্র ১০ দিন পরই অনুষ্ঠিত হবে মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচ। ফলে বিশ্বকাপ ও ক্লাবের দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ইন্টার মিয়ামি তারকার জন্য। আগামী ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২৬ এমএলএস অল-স্টার গেম। এ ম্যাচের জন্য ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন মেসি। তবে বিশ্বকাপ ফাইনালে খেললে শারীরিক ক্লান্তি ও বিশ্রামের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি অল-স্টার ম্যাচ থেকে সরে দাঁড়াতে পারেন বলে আলোচনা চলছে।
সেক্ষেত্রে এমএলএসের নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষেধাজ্ঞার সম্ভাবনাও তৈরি হতে পারে। গত মৌসুমে অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় মেসি ও তার সতীর্থ জর্দি আলবাকে একটি করে ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল লিগ কর্তৃপক্ষ। তবে এবার পরিস্থিতি আগের তুলনায় ভিন্ন হতে পারে। যদি বিশ্বকাপ ফাইনালে অংশ নেওয়ার কারণে বিশ্রামের প্রয়োজন হয়, তাহলে সেই অনুপস্থিতিকে কীভাবে মূল্যায়ন করবে এমএলএস-তা এখনো নিশ্চিত নয়। ফলে সম্ভাব্য শাস্তির বিষয়টি নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
এবারের এমএলএস অল-স্টার দলে মেসির পাশাপাশি জায়গা পেয়েছেন তার আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো দে পল। এছাড়া ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের থমাস মুলার এবং লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিনসহ বিশ্ব ফুটবলের আরও কয়েকজন তারকা এই আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লক্ষ্যে রোববার সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। কানসাস সিটির ম্যাচে জয় পেলে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।