১৫ আগস্ট ঘিরে ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কসহ নগরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে বাড়তি নিরাপত্তার এ চিত্র দেখা যায়। ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে মোতায়েন করা হয়েছে জলকামান। এলাকাটিতে দায়িত্ব পালন করছেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য।
ধানমণ্ডি ৩২ নম্বরে দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপপরিদর্শক (এসআই) জহুরুল জানান, রমনা জোনের পুলিশ কমিশনারের নির্দেশে ভোর থেকেই সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তারা। সকাল থেকে এপিবিএনের ৩৩ সদস্য সড়কের দুই পাশে দায়িত্ব পালন করছেন। এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় আনার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। নগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যদেরও মাঠে রাখা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতেই রাজধানীজুড়ে এ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।