নতুন ভোটার নিবন্ধনে ১৫ দিনের সুযোগ, আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত
দেশের নাগরিকদের জন্য নতুন ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ আরও ১৫ দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদনকারীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির এই সুযোগ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, আগামী ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রকাশিত তালিকা ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ে প্রদর্শনের জন্য রাখা হবে। খসড়া তালিকায় কোনো ব্যক্তির নাম বাদ পড়লে কিংবা তথ্যগত ত্রুটি থাকলে, সংশ্লিষ্টরা আগামী ২৪ আগস্টের মধ্যে সংশোধন বা অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
অন্যদিকে, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন আগামী ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে। আপত্তি ও মতামত গ্রহণ শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর মাসে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনী কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি কিংবা শেষের দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।