৭৫ বছর পর সৌদির আকাশে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ
আগামী ২ আগস্ট বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। প্রায় ৭৫ বছর পর শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণগুলোর একটি দেশটির আকাশে দৃশ্যমান হবে, যা বিজ্ঞানী ও মহাকাশপ্রেমীদের জন্য নতুন গবেষণার দ্বার খুলে দেবে।
একটি বিরল মহাজাগতিক ঘটনার অপেক্ষায় রয়েছে সৌদি আরব। আগামী ২ আগস্ট দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের আকাশে দেখা যাবে শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণগুলোর একটি। এই গ্রহণের সময় কিছু এলাকায় প্রায় ছয় মিনিট পর্যন্ত দিনের আলো সম্পূর্ণভাবে আড়াল হয়ে যাবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময়ব্যাপী এই সূর্যগ্রহণ বিজ্ঞানীদের সূর্যের বহিরাবরণ বা করোনা নিয়ে গভীর পর্যবেক্ষণ ও গবেষণার সুযোগ করে দেবে। একই সঙ্গে এটি আকাশপ্রেমীদের জন্যও হবে এক স্মরণীয় অভিজ্ঞতা।
সৌদি স্পেস অ্যাজেন্সির তথ্য অনুযায়ী, আবহা ও আশপাশের কয়েকটি এলাকায় পূর্ণগ্রাসের স্থায়িত্ব সর্বোচ্চ ছয় মিনিট পর্যন্ত হতে পারে। অন্যদিকে জেদ্দা ও পশ্চিম উপকূলীয় অঞ্চলের কিছু অংশে অন্ধকার স্থায়ী হবে প্রায় পাঁচ মিনিট ৫০ সেকেন্ড।
সংস্থাটি জানিয়েছে, এ বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা পর্যবেক্ষণ ও নথিবদ্ধ করার ক্ষেত্রে সৌদি আরব বৈশ্বিকভাবে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হবে। তবে প্রতিবেশী মিশরে এই সূর্যগ্রহণের স্থায়িত্ব আরও কিছুটা বেশি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। দেশটির অন্যান্য অঞ্চলেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। কিছু এলাকায় সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ঢেকে যেতে পারে। তবে গ্রহণের সময়কাল ও দৃশ্যমানতার মাত্রা স্থানভেদে ভিন্ন হবে।
নিরাপদে এই দৃশ্য উপভোগ করতে সাধারণ মানুষের প্রতি সতর্কবার্তাও দিয়েছে সৌদি স্পেস অ্যাজেন্সি। বিশেষ সুরক্ষাচশমা বা অনুমোদিত ফিল্টার ছাড়া সরাসরি সূর্যের দিকে তাকানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানিয়েছেন, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথটি লোহিত সাগর উপকূল থেকে শুরু হয়ে মক্কা, জেদ্দা, তায়েফ, আল বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ একাধিক শহরের ওপর দিয়ে অতিক্রম করবে।
তিনি আরও বলেন, পূর্ণগ্রাসের সময় দিনের আলো গোধূলির মতো ম্লান হয়ে যাবে এবং তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। এ সময় সূর্যের বাইরের করোনা খালি চোখে দৃশ্যমান হওয়ার পাশাপাশি আকাশে উজ্জ্বল কিছু তারা ও গ্রহও দেখা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অত্যন্ত বিরল। ফলে আগামী ২ আগস্টের এই ঘটনা শুধু সৌদি আরবের জন্য নয়, বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীদের কাছেও বিশেষ গুরুত্ব বহন করছে।