ভারতের রাজধানী দিল্লিতে পতাকা মিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অবস্থান জানানো হচ্ছে না বলে অভিযোগ করেছে দলটি।
শুক্রবার দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ (পতাকা ওড়াও) মিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে নিজ বাসা থেকে অভিজিৎ দীপককে আটক করা হয়। একই দিন কনট প্লেসের কাছে মান্ডি হাউস এলাকা থেকে নেহা বোরাকে আটক করে পুলিশ। পরে নেহাকে ছেড়ে দেওয়ার কথা জানায় দিল্লি পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।
এদিকে অভিজিৎ দীপকের অনুপস্থিতিতে সিজেপির নেতৃত্বের দায়িত্বে থাকা অজিঙ্কা শিন্ডে অভিযোগ করেন, আট ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও অভিজিতের অবস্থান সম্পর্কে তাঁরা কিছু জানতে পারেননি। কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়েও স্পষ্ট তথ্য পাননি তাঁরা।
সিজেপির নেতারা অভিজিৎ দীপকের অবস্থান জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
**সূত্র: এএনআই ও হিন্দুস্তান টাইমস**
#IndiaNews #DelhiNews #StudentProtest #PoliticalNews #Aronno_News