কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের বাজারে পাঁচ ও দেড় বছর বয়সী দুই মেয়েকে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের মায়ের বিরুদ্ধে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশু দুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তাদের চাচি। বর্তমানে তারা বাবার কাছে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত রোববার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের ভাষ্য, বাজারে দুই শিশুকে ঘোরাফেরা করতে ও কান্নাকাটি করতে দেখে তাঁদের সন্দেহ হয়। কাছে গিয়ে কথা বললে বড় মেয়েটি জানায়, চিপস কিনে দেওয়ার কথা বলে তাদের সেখানে রেখে গেছেন মা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয়রা।
পরে শিশু দুটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে তাদের চাচি বাজারে গিয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে দুই মেয়েকে শনাক্ত করে নিজের বাড়িতে নিয়ে যান তিনি।
এরপর মুঠোফোনে শিশুদের মায়ের সঙ্গে যোগাযোগ করেন চাচি। এ সময় মা জানান, তিনি কুমিল্লা নগরে চলে এসেছেন এবং সন্তানদের আর নিজের কাছে রাখতে চান না বলে জানান।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় ১২ বছর আগে শিশু দুটির মা-বাবার বিয়ে হয়েছিল। প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর মেয়েরা মায়ের কাছে থাকত। পরবর্তী সময়ে মা আবার বিয়ে করেন। শিশুদের বাবা পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তিনি কুমিল্লা নগরে অটোরিকশা চালান। শিশুদের মায়ের বাড়ি বরুড়া উপজেলায়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে খোঁজখবর নেয় পুলিশ। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, দুই শিশু বর্তমানে তাদের বাবার কাছে রয়েছে। পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ করছে।