ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরার প্রতিবেদনে দেশটির হোদেইদা ও আমরান গভর্নরেটে চার দফা বিমান হামলার খবর জানানো হয়েছে। তবে এসব হামলায় হতাহত কিংবা সম্পদের ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আল-মাসিরার তথ্য অনুযায়ী, হোদেইদা গভর্নরেটের কামারান দ্বীপে দুটি বিমান হামলা চালানো হয়েছে। একই গভর্নরেটের আল-কানাউইস জেলাতেও একটি হামলার খবর জানিয়েছে চ্যানেলটি।
এ ছাড়া আমরান গভর্নরেটের হারফ সুফিয়ান জেলায় আরেকটি বিমান হামলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে হামলাগুলোর লক্ষ্যবস্তু, কারা এসব হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। আল-মাসিরার দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে ইয়েমেনের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল। হুতি আন্দোলনের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা এবং আঞ্চলিক শক্তিগুলোর বিরোধ দেশটির সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এদিকে, লোহিত সাগর ও আশপাশের সামুদ্রিক পথে নিরাপত্তা নিয়ে উত্তেজনার কারণে ইয়েমেন আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশটিতে বিভিন্ন পক্ষের সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতেও প্রভাব ফেলছে।
**সূত্র: আল-জাজিরা, আল-মাসিরা**