কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দগ্ধ আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।
উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
#CoxsBazar #InaniResort #FireIncident #BreakingNews #Aronno_News