রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদপুর থানায় ৭৫ জন, আদাবর থানায় ৫৫ জন, শেরেবাংলা নগর থানায় ৩৯ জন, তেজগাঁও থানায় ১৬ জন, হাতিরঝিল থানায় ছয়জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাঁচজন রয়েছেন।
ডিসি ইবনে মিজান জানান, তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।