গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন সোয়া তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ২১টি ইউনিট। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার ভেতরে আটকে পড়া কয়েকজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল সোয়া ১০টার দিকে কারখানাটির বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর প্রথমে কারখানা কর্তৃপক্ষ নিজেরাই তা নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে টঙ্গীসহ আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। পরে ২১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যান।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ জানান, কারখানাটিতে ওষুধ উৎপাদন করা হতো। আগুনে পাশাপাশি থাকা দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় কেউ হতাহত হননি। কারখানার ভেতরে আটকে পড়া শ্রমিকদেরও উদ্ধার করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।