সৌদি আরবে নিরাপত্তাজনিত বিধিনিষেধের প্রভাবে ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভ্রমণসূচি বিপর্যয়ে পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট।
বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, সালামএয়ারের চারটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি এবং ফ্লাইদুবাইয়ের ছয়টি ফ্লাইট বাতিল হয়েছে।
এদিকে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলা ও নিরাপত্তাজনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
ফ্লাইট বাতিল ও স্থগিতের কারণে সৌদি আরবগামী যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে পরবর্তী ফ্লাইটের সময়সূচি ও সংশ্লিষ্ট নির্দেশনা সম্পর্কে বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।