২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। সংগঠনটির দাবি, আটক শিশুদের মধ্যে প্রায় ৩৫০ জনকে কঠোর ও অমানবিক পরিস্থিতিতে রাখা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে শিশুদের আটকের পাশাপাশি তাদের ওপর বিভিন্ন ধরনের দমনমূলক আচরণের অভিযোগ তুলেছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে ভয়ভীতি প্রদর্শন, নির্যাতন, অনাহারে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির অভিযোগ, অনেক শিশুকে অভিযোগ গঠন কিংবা মুক্তির নির্দিষ্ট সময়সীমা ছাড়াই আটক রাখা হচ্ছে। এতে তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে।
সংগঠনটি আরও জানায়, আটকের ফলে শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে। ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক শিক্ষা ও পারিবারিক জীবন। দীর্ঘদিন এ পরিস্থিতিতে থাকলে শিশুদের মানসিক বিকাশ ও ভবিষ্যৎ জীবনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
আটক শিশুদের মুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। একই সঙ্গে আটকের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, নির্যাতন বন্ধ এবং বন্দি অবস্থায় শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
তাদের মতে, আটক শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা প্রয়োজন।