সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীমকে দুই দফা গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ফজলুল হক আমিনীকে প্রধান করে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে নিহতের বড় ভাই আব্দুল জলিল সানা বাদী হয়ে দেবহাটা থানায় হত্যা মামলাটি করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবহাটা উপজেলার সুবর্ণবাদ গ্রামের মৃত মাহতাব উদ্দীন খানের ছেলে মোস্তার হোসেন খান (৫৩) এবং নাজিরের ঘের এলাকার রহিম বক্স মোল্যার ছেলে আছাদুল ইসলাম মোল্যা (৪৫)। তাঁরা মামলার এজাহারভুক্ত ৫ ও ৬ নম্বর আসামি। নিহত ওয়াহিদুজ্জামান শামীমের বয়স ৪০ বছর। তাঁর বাড়ি দেবহাটা উপজেলার বড় শান্তা গ্রামে। তিনি মৃত শামছুর রহমানের ছেলে।
মামলার বাদী আব্দুল জলিল সানা অভিযোগ করেন, ধর্ম অবমাননার অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, সব আসামির গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শহীন জানান, ধর্ম অবমাননার অভিযোগ তুলে শামীমকে দুই দফা গণপিটুনি দেওয়া হয়। এ ঘটনায় তাঁর বড় ভাই হত্যা মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার আগে প্রথম দফা গণপিটুনির খবর পেয়ে শামীমকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে ফজলুল হক আমিনীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে তৌহিদী জনতার লোকজন হাসপাতালে পৌঁছায় বলে অভিযোগ রয়েছে। সেখানে শামীমকে দ্বিতীয় দফায় মারধর করা হয়। পরে তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ফজলুল হক আমিনী ফেসবুকে লাইভে এসে শামীমকে হত্যার উদ্দেশ্যে তৌহিদী জনতাকে জড়ো করেছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের স্বার্থে অন্য আসামিদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে শামীম হত্যার ঘটনায় ফজলুল হক আমিনীর নেতৃত্বের অভিযোগ করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো জানা যায়নি।
#Aronno_News #Satkhira #BangladeshNews #CrimeNews #LatestNews