মোদির মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন ভারতে এক মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) তার পদত্যাগ কার্যকর হয়েছে বলে রাষ্ট্রপতি ভবনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি সক্রিয় রাজনীতিতে আরও বেশি সময় দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে বিজেপির সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং রাজ্যে দলীয় অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে তার এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদ অনুযায়ী রবনীত সিং বিট্টুর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
গত ২১ জুন রাজ্যসভার সদস্য হিসেবে বিট্টুর মেয়াদ শেষ হয়। একই কারণে এর আগে আরেক কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ানও মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ান। রাজ্যসভার নতুন মনোনয়ন না পাওয়ায় তাদের মন্ত্রিত্বের মেয়াদও শেষ হয়।
পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিট্টু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব পালন এবং দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া তার জন্য গৌরবের বিষয়। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে জনকল্যাণ ও জাতীয় উন্নয়নের লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে লুধিয়ানা সেন্ট্রাল আসন থেকে প্রার্থী হতে পারেন বিট্টু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাকে পাঞ্জাবে ফিরিয়ে আনার মাধ্যমে বিজেপি আগামী নির্বাচনের আগে রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলীয় উপস্থিতি আরও জোরদার করতে চায়।
রাজ্যসভায় মনোনীত হওয়ার আগে রবনীত সিং বিট্টু আনন্দপুর সাহিব লোকসভা আসন থেকে একবার এবং লুধিয়ানা লোকসভা আসন থেকে দুইবার নির্বাচিত হয়েছিলেন।