জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পাশাপাশি বিউগলের করুণ সুরে বীর শহীদদের স্মরণ করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি দেশের শান্তি, অগ্রগতি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
রাষ্ট্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে যান হাফিজ উদ্দিন আহমদ। সেখানে তিনি মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির রাষ্ট্রীয় কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।