১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা
১৫ আগস্টকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সাদা পোশাকে সদস্য মোতায়েন এবং সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১৫ আগস্ট উপলক্ষে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে আলাদা নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। এসব এলাকার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্টকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী কিংবা দুষ্কৃতকারীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য তাদের গতিবিধির ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। নিরাপত্তা কার্যক্রমে র্যাব নিজস্ব ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবে। তবে প্রয়োজন অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক সোর্স ও ইনফরমারদের সক্রিয় করার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানস্থলে যাতায়াতের পথে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় র্যাবের সদস্যদের উপস্থিতিও বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। অনুষ্ঠানে কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্য, উগ্রবাদী গোষ্ঠী বা দুষ্কৃতকারী যাতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সাইবার নজরদারি বাড়িয়েছে র্যাব। কোনো ব্যক্তি বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি প্রকাশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্ভাব্য বিস্ফোরক বা বিস্ফোরকসদৃশ কোনো বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে র্যাব।