রাজনৈতিক উত্তেজনা: বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা
বাংলাদেশে ভ্রমণ নিয়ে নাগরিকদের জন্য সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ, সংঘর্ষ এবং জনঅস্থিরতার আশঙ্কায় বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার সর্বশেষ এ সতর্কতা হালনাগাদ করা হয়।
কানাডা সরকারের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে যেকোনো সময় বিক্ষোভ ও সহিংস সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এর ফলে হঠাৎ করে যান চলাচল বন্ধ, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং জনজীবনে অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত কানাডীয় নাগরিকদের বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছিল কানাডা। সর্বশেষ সতর্কতাতেও বাংলাদেশকে উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পর্যায়ে রাখা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ
চট্টগ্রামের পার্বত্য অঞ্চল নিয়ে কানাডা সরকারের সতর্কতা আরও কঠোর। নাগরিকদের এ অঞ্চলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় পার্বত্য এলাকায় রাজনৈতিক সহিংসতা, সংঘর্ষ ও অপহরণের ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। ফলে ওই অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে কানাডীয় নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ
বাংলাদেশে অবস্থানরত কিংবা ভ্রমণে আসা কানাডীয় নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির আকস্মিক পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার পাশাপাশি ভ্রমণের আগে কানাডা সরকারের সর্বশেষ নির্দেশনা ও তথ্য যাচাই করার পরামর্শও দেওয়া হয়েছে।
কানাডা সরকারের সর্বশেষ সতর্কতার মূল বার্তা হলো বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন ও সম্ভাব্য বিক্ষোভ-সহিংসতার কারণে ভ্রমণকারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।