দেশে ফিরতে চাইলে আইন অনুযায়ী আবেদন করতে পারবেন তসলিমা নাসরিন: ডা. জাহেদ
ভারতে অবস্থানরত লেখিকা তসলিমা নাসরিন দেশে ফিরতে চাইলে প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এ বিষয়ে সরকার থেকে আলাদাভাবে কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নেই। আবেদন করা হলে আইন অনুযায়ী বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার সরকারের চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, তসলিমা নাসরিন যদি বাংলাদেশে ফিরে আসতে আগ্রহী হন, তাহলে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
ব্রিফিংয়ে তসলিমা নাসরিনের অতীতে উত্থাপিত নির্যাতনের অভিযোগ সম্পর্কেও প্রশ্ন করা হয়। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, দেশে ফিরে তিনি যদি আদালতের শরণাপন্ন হতে চান, তাহলে আইন অনুযায়ী সেই সুযোগ রয়েছে। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সময়ের কারণে অভিযোগের অধিকার বিলুপ্ত হয় না। ফলে নিজেকে ভুক্তভোগী মনে করলে তিনি আদালতে মামলা করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, বিতর্কিত মতামতের জেরে দুই দশকের বেশি সময় আগে তসলিমা নাসরিন বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। পরে ২০০৭ সালে নতুন করে বিতর্কের পর পশ্চিমবঙ্গ ছেড়ে দিল্লিতে অবস্থান নেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশে ফিরতে না পারার আক্ষেপ প্রকাশ করেন।