শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় সেতুর দুই প্রান্তে যানবাহন আটকা পড়ে। সোমবার (৯ নভেম্বর) রাত ১টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে বৈঠা হাতে বিপুলসংখ্যক ব্যক্তিকে টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করতে দেখা যায়। বিভিন্ন ফেসবুক আইডি থেকে ঘটনার সরাসরি সম্প্রচারও করা হয়। এর মধ্যে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিও রয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অবরোধকারীরা প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রাখেন। এতে পদ্মা সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে। এ সময় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি বেশ কিছু গাড়ি ভাঙচুরের দৃশ্যও ভিডিওতে দেখা গেছে। তবে এসব বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় কারা সরাসরি জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিক্ষোভকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।
এদিকে অবরোধকারীরা বিভিন্ন দিক থেকে জড়ো হতে থাকলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন বলে জানা গেছে। ঘটনার বিষয়ে পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম বলেন, অবরোধকারীরা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। এরপর তারা অবরোধ, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনা ঘটান। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।