বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং মোংলাকে কেন্দ্র করে নতুন শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। এদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও সিআরসিসির মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করতে আগ্রহী। দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি চীনা বিনিয়োগের ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, মোংলায় নতুন শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এ সময় মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের ক্ষেত্রে সহযোগিতা করায় চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। দিনটিকে গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় অংশ নেওয়ার জন্য চীনা বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
রূপক/ ৫ নভেম্বর ২৬