বাংলাদেশের ব্যাটিংয়ে ভালো অবদান রাখার পথে চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে তাওহিদ হৃদয়কে। সাদমান ইসলামের সঙ্গে জুটি গড়ে তোলার সময় ৪২ রানে পেশির টানে আক্রান্ত হন এই ডানহাতি ব্যাটার। পরে স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ব্যাটিংয়ের একপর্যায়ে নন-স্ট্রাইকিং প্রান্তে অস্বস্তি অনুভব করছিলেন হৃদয়। পরে একটি স্কয়ার কাট খেলতে গিয়ে ব্যথা বেড়ে যায়। একপর্যায়ে মাঠে শুয়ে পড়লে তাঁকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যান সংশ্লিষ্টরা। হৃদয় মাঠ ছাড়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৬৬ ওভারে ৩ উইকেটে ১৯৮ রান। তিনি দলে সুযোগ পেয়েছিলেন চোটের কারণে ছিটকে যাওয়া মুশফিকুর রহিমের পরিবর্তে। হৃদয় মাঠ ছাড়ার পর ক্রিজে নামেন লিটন দাস। তখন সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন সাদমান ইসলাম। তাঁর সংগ্রহ ছিল ৯৬ রান। বাংলাদেশের ইনিংস ৭০ ওভারে ২০৭ রানে পৌঁছানোর পর আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা।