বাংলাদেশের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন। বাকি ছয় টেস্টের চারটিতে জয় ও অন্তত একটিতে ড্র করতে পারলে ইতিহাস গড়ার সুযোগ তৈরি হতে পারে। তবে এত দূরের হিসাব নিয়ে এখনই ভাবতে চান না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর নজর আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে জয় তুলে নেওয়া। মঙ্গলবার (২৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে শান্ত বলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা দলের জন্য চাপ নয়, বরং অনুপ্রেরণা। গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে যেভাবে খেলেছে বাংলাদেশ, সেই প্রক্রিয়া অনুসরণ করেই সামনে এগোতে চান তাঁরা।
শান্তর ভাষায়, একটি ম্যাচ বা সিরিজ জিততে পারলে বড় লক্ষ্যগুলোও ধীরে ধীরে অর্জিত হবে। তাই পুরো সিরিজ কিংবা ফাইনালের সমীকরণ নিয়ে একসঙ্গে না ভেবে ছোট ছোট লক্ষ্য পূরণে মনোযোগ দিচ্ছে দল।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টেস্ট পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন এসেছে। সেই ধারাবাহিকতা ধরে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ। মাঠের বাইরের আলোচনা নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে নিজেদের আরও উন্নত করার ওপর জোর দিয়েছেন অধিনায়ক।
বুধবার (২৮ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল।