চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের চাপা দিয়েছে দ্রুতগতির একটি লরি। এতে ছয় বছরের এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নেত্রকোনার ছয় বছর বয়সী ইব্রাহিম ও স্বপ্না নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
পুলিশ জানায়, একটি বাসে করে যাত্রীরা চট্টগ্রাম থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিলেন। পথে কুমিরা এলাকায় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যাত্রীরা নেমে সড়কের পাশে অবস্থান নেন। এ সময় দ্রুতগতির একটি লরি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় হতাহতদের পরিচয় নিশ্চিত করা এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।