আগামী পাঁচ বছরে বাংলাদেশে বেসরকারি খাতে প্রায় ৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রত্যাশা জানিয়েছে জাপান। বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার ঘোষণা দিয়ে এ বিনিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।
জাপানের প্রধানমন্ত্রী জানান, দুই দেশের সহযোগিতার অন্যতম ভিত্তি ‘বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল’ বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও সম্প্রসারণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একমত হয়ে উদ্যোগটিকে ‘সমৃদ্ধি ভাগাভাগি করার বিগ-বি’ হিসেবে এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি। অর্থনৈতিক সম্পর্ক জোরদারে দ্রুততম সময়ে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর করা এবং বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দেন সানায়ে তাকাইচি। পাশাপাশি, বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে নিকট ভবিষ্যতে জাপানি ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
নতুন কৌশলগত অংশীদারত্ব চারটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত হবে বলে উল্লেখ করেন জাপানের প্রধানমন্ত্রী। এগুলো হলো আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি উদ্যোগে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি নিরাপত্তা খাতেও বাংলাদেশের সক্ষমতা বাড়াতে কাজ করার কথা জানিয়েছে জাপান। সামুদ্রিক নিরাপত্তা জোরদারে সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) কর্মসূচির আওতায় বাংলাদেশকে টহল জাহাজ দেওয়ার নতুন সিদ্ধান্তের কথা জানান সানায়ে তাকাইচি। এ ছাড়া, অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) এবং প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে জাপানের প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা জাপানের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, নতুন কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে দুই দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
এর আগে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান সানায়ে তাকাইচি। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।