দীর্ঘ বিরতির পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণের সুযোগ পাবেন। একই সঙ্গে দ্বীপে রাত্রিযাপনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। আগের বছরগুলোতে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পেলেও এবার সেই সংখ্যা বাড়িয়ে সাড়ে ৩ হাজার করা হয়েছে।
এবারও কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। এ ছাড়া দ্বীপের পরিবেশ সংরক্ষণের জন্য প্রত্যেক পর্যটককে অতিরিক্ত ১০০ টাকা ফি দিতে হবে।
গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যটক ভ্রমণের সময়সীমা বাড়ানো এবং রাত্রিযাপনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন দ্বীপের বাসিন্দারা।
#SaintMartin #SaintMartinIsland #CoxsBazar #BangladeshTourism #TravelNews #Aronno_News